১২:৫৬ পূর্বাহ্ণ
ধর্মপাশার মধ্যনগরে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি:: বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারী পুরুষসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজহনকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের রইছ মিয়া (৫৭) ও আলা উদ্দিনের (৫৮) মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। দুজনরাই বাড়িই পাশাপাশি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে রইছ মিয়া ও আলা উদ্দিনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জিয়ারুল ইসলাম (২৪), মোস্তফা মিয়া(৪০), বাবুল মিয়া (৪৫), মনোয়ারা বেগম (৫০) সহ অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে জিয়ারুল ইসলাম, মোস্তফা মিয়া, বাবুল মিয়া ও মনোয়ারাকে আজ সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্য তিনজন ব্যক্তিকে পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের নাম জানা যায়নি। অন্যরা স্থানীয় ভাবে সাময়িক চিকিৎসা নিয়েছেন। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদ আলী বলেন, বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইপক্ষের আহতদের মধ্যে চারজনকে ধর্মপাশা ও তিনজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।