১২:১৮ অপরাহ্ণ
ছাত্রলীগের মিছিল থেকে ছাত্রদল নেতা রাকীনের বাসায় হামলা ও ভাংচুর
স্টাফ রিপোর্টার:: সিলেট নগরীতে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এক প্রচার মিছিল বের করেছে ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে সাবেক ছাত্রদল নেতা জালাল হোসেন রাকীনের সামনে অবস্থান নেয় এবং এসময় ৪/৫ জন ছাত্রলীগের কর্মী রাকীনের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে জিনিসপত্র ভাংচুর করে।
জালাল হোসেন নগরীর ১৯নং ওয়ার্ডের টিভি গেইট এলাকাবার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, সাবেক ছাত্রদল নেতা জালাল হোসেন রাকীন বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রদল নেতা রাকীনের উপর হামলার উদ্দেশ্যে ছাত্রলীগ এই প্রচার মিছিল বের করে। তাদের মিছিলটি থেকে ছাত্রলীগ নেতা মোতাহের আহমেদ, সরণ আহমেদ, ফয়েজ হোসেন, ইরাম হক, শেখ জাহেদ সহ আরো কয়েকজন ইট-পাটকেল নিক্ষেপ করে ছাত্রদল নেতা রাকীনের বাসায়।
এসময় রাকিনের বাসায় অবস্থানরত পরিবারের সদস্যরা ইট-পাটকেল নিক্ষেপের কারণ জানতে চাইলে তাদেরও ধাওয়া দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলায় বাসার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। পরে এ ঘটনায় ছাত্রদল নেতা রাকীনের বাবা সিলেটের কোতোয়ালী মডেল থানায় যান একটি সাধারণ ডায়রীর করার জন্য।
কিন্তু থানার অফিসার ইনচার্জ ঘটনানাটি আমলে না নিয়ে উল্টো তাদের সতর্ক করে থানা থেকে বের করে দেন। সাধারণ ডায়রীর বিষয়টি ছাত্রলীগের কর্মীরা জানতে পেরে ছাত্রদল নেতা রাকীনের বাবাকে ফোন করে গালিগালাজ করে এবং তার ছেলের বদলের পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা করবে বলে হুমকি প্রদান করে।
এব্যাপারে আশপাশের স্থানীয়দের জিজ্ঞেস করলে তারা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হওয়ায় জালাল হোসেন রাকীনের উপর বার বার হামলা এবং তাকে হত্যার চেষ্টা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু ছাত্রদল নেতা রাকীন প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন বিধায় ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবারের সদস্যদের উক্ত্যাক্ত করে যাচ্ছে এবং বিভিন্ন সময় হুমকি প্রদান করছে।