৩:২০ পূর্বাহ্ণ
শাবিপ্রবির অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জহীর উদ্দিন আহমদ। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন– “ডি” এ অবস্থিত অর্থনীতি বিভাগের গবেষণা কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল মুনিম জোয়ার্দার এবং নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমদকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধানকে অভিনন্দন জানাই। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসনীয়। তাদের গবেষণার মান অনেক ভালো। আশা করি, বিভাগীয় প্রধান হিসেবে তিনি আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাবেন। নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, বিভাগীয় প্রধান পদটি আমার জন্য একটি নতুন সংযোজন।
বিভাগের সার্বিক কল্যাণের জন্যে আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকবো। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া চাই। উল্লেখ্য, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ শাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, দুইবারের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্বও পালন করছেন।