১:৫৪ অপরাহ্ণ
জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা, চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ভিঙ্গাইর বাজার (টুকেরবাজার) পরিচালনা কমিটির উদ্যোগে বাজার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী জাহেদ আহমদ ফারহানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টুকেরবাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ ফারহান। বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে সভায় বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ভিঙ্গাইর বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ী ও ক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপস্থিত জনতা জাহেদ আহমদ ফারহানের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদ আহমদ ফারহান বলেন, বীরশ্রী ইউনিয়নের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি গ্রামে উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে পাকা রাস্তা, কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং প্রয়োজনীয় রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে হবে। জনগণের জন্য সহজ ও বিনামূল্যে নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি জন্ম ও মৃত্যুসনদসহ প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক বিদ্যুৎ ও ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে হবে। যুব ও নারী উন্নয়নে প্রশিক্ষণ, খেলাধুলা, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও কর্মসংস্থান উন্নয়নে আধুনিক কৃষি, সেচব্যবস্থা, কৃষক সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
জাহেদ আহমদ ফারহান আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত করে একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে পরিষদের কার্যক্রম ও তথ্য নিয়মিত জনগণের সামনে প্রকাশের ওপরও গুরুত্ব দিতে হবে। এ সময় জকিগঞ্জে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে বীরশ্রী ইউনিয়ন দলকে ৫০ হাজার টাকা জরিমানা করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান জাহেদ আহমদ ফারহান। তিনি বলেন, বীরশ্রী ইউনিয়ন দলের ওপর অন্যায়ভাবে এ জরিমানা আরোপ করা হয়েছে।
এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বীরশ্রী ইউনিয়নের বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের রফিক উদ্দিন, ৯নং ওয়ার্ডের আব্দুল মালিক, ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম ও সঞ্জন বিশ্বাস, ৮নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক ও মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী, শিঙ্গাইরকুড়ীর মাওলানা শাহিদুর রহমান চৌধুরী, ৫নং ওয়ার্ডের সাব্বির আহমদ ও কাজী আব্দুল হালিম, ২নং ওয়ার্ডের লায়েক আহমদ ও রুবেল আহমদ, ৬নং ওয়ার্ডের ছালিম আহমদ, মাওলানা আফতাব উদ্দিন নোমানী, আলী আকসার জিহাদী, ৭নং ওয়ার্ডের নজরুল ইসলাম এবং ছানুহর আলী প্রমুখ। অনুষ্ঠানে বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, সভায় প্রায় হাজারখানেক মানুষের উপস্থিতি ছিল। পরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী জাহেদ আহমদ ফারহানকে সংবর্ধনা দেওয়া হয়।