সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০ ২০
৯:৩৭ পূর্বাহ্ণ

আংশিকভাবে স্কুল খোলার সুযোগ নেই

আংশিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গ্রামাঞ্চলে ২৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাবের পর এই তথ্য জানায় মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম- আল-হোসেন বলেন, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কোনো সুযোগ নেই।’

আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি অনুক‚লে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। যে যাই প্রস্তাব দিক প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।’

সিনিয়র সচিব আরো বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন শীতে করোনা বাড়তে পারে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেব না। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।’

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্ব-স্ব মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এরপর থেকে কিছু শিক্ষক ও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা গ্রাম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক খোলার প্রস্তাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে। প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের জানান বিভিন্ন প্রস্তাব আসছে।

প্রতিমন্ত্রীকে শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই প্রস্তাব দেয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম তার ফেসবুকে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন।

আবুল কাসেম বলেন, ‘প্রাথমিকে জেলা পর্যায়ে ২৫ শতাংশ স্কুল খুলে দেয়ার প্রস্তাব মাঠপর্যায়ের শিক্ষক কর্মকর্তাদের এ খবরটি কতটুকু সত্যি বুঝতে পারছি না। বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার পক্ষে মতামত দিয়েছেন বিষয়টি ভাবতেই অবাক লাগছে। যেখানে বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, সেখানে আমাদের সম্মানিত শিক্ষকগণ কী করে প্রাথমিক বিদ্যালয় খোলার পক্ষে মতামত দেন। কোমলমতি শিশুদের, তাদের কতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখাতে সক্ষম হবে?’

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে আত্মঘাতী। যারা খোলার প্রস্তাব দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন।’

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ