মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
ফারুক আহমেদ,ধর্মপাশা::
৩ ডিসেম্বর ২০ ২১
১:১১ পূর্বাহ্ণ

দুইটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ৮জন পরীক্ষার্থীর বিপরীতে দায়িত্ব পালন করেছেন ২০জন

সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাতে বিজ্ঞান বিভাগ থেকে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও জনতা মডেল উচ্চ বিদ্যালয় এই দুটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ছিল মাত্র ৮জন।

অথচ এই আটজন পরীক্ষার্থীর বিপরীতে কেন্দ্র সচিব, হলসুপার, সহকারি হল সুপার, পুলিশ, দপ্তরী ও পরিচ্ছন্নতাকর্মীসহ ২০জন দায়িত্ব পালন করেছেন। আজ বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পদার্থবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় এই চিত্র দেখা গেছে। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষায় সকল বিভাগের ৩টি বিষয়ের ওপর বোর্ড পরীক্ষা নেওয়া হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এই দুটি কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এইচএসএসি পরীক্ষা কেন্দ্রে দুজন ও জনতা মডেল উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে একজন কেন্দ্র সচিব, একজন হলসুপার, একজন সহকারী হল সুপার, একজন পুলিশ, একজন অফিস সহকারি, দুইজন দপ্তরিসহ ৯জন এই কেন্দ্রটিতে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে একজন কেন্দ্র সচিব, একজন হলসুপার, দুজন সহকারি হল সুপার, পুলিশ, একজন অফিস সহকারি, তিনজন দপ্তরী ও একজন পরিচ্ছন্নতাকর্মীসহ ১১জন দায়িত্বপালন করেছেন।

এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় এ আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে (পরীক্ষা চলাকালীন) বলবৎ থাকবে।

জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল করিম এবং বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস শহীদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ সকাল সোয়া ১১টার দিকে উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের আগ্রহ ও শিক্ষার্থী বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ