৬:৩৬ অপরাহ্ণ
ফজরের নামাজের পর কর্মস্থলেই জকিগঞ্জের ইমামের ইন্তে'কাল
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের বাসিন্দা ও চানপুর জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ (ছালিক) আর নেই।
সোমবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর নিজ কর্মস্থল আটগ্রাম চানপুর জামে মসজিদে তিনি আকস্মিক ইন্তে'কাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে মসজিদেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুসল্লিরা দ্রুত এগিয়ে এলেও অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। তার আকস্মিক ইন্তেকালের খবরে মসজিদ ও আশপাশের এলাকায় শোকের আবহ নেমে আসে।
মরহুম মাওলানা হুসাইন আহমদ লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জের সদস্য ছিলেন। তিনি ইলাবাজ গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুশ শহিদ মায়ার ভাই। দীর্ঘদিন ধরে তিনি চানপুর জামে মসজিদে ইমামতি ও দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন।
পাশাপাশি তিনি ফাতাহ শাহ দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধর্মপরায়ণতা, বিনয় ও সদাচরণের জন্য তিনি মুসল্লি ও এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। আজ সোমবার আসরের নামাজের পর ইলাবাজ শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও মুসল্লিদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।