৩:৪৬ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে পূর্বে বি'রোধের জেরে রুস্তম আলী নামে বৃদ্ধ খু*ন
সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামে একজন খুন হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রুস্তম আলী ও বিল্লাল মিয়া দক্ষিণ বুড়দেও গ্রামের বাসিন্দা এবং একে-অপরের প্রতিবেশী।
বেশ কিছুদিন থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। গত কয়েকদিন আগে রুস্তম আলী বিল্লাল মিয়াকে পাগল বলে গালি দিয়েছিল। এই সুত্র ধরে বুধবার সকালে বিল্লাল মিয়া তার বাড়ির সামনে রুস্তম আলীকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত বিল্লাল মিয়াকে আটক করে নিয়ে আসে। কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, পূর্ব বিরোধের জেরে একজন খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়াকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হচ্ছে।