৪:২৯ অপরাহ্ণ
ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সং'ঘর্ষ, আ'হত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে সংঘর্ষে জড়ায়।
এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় ও তাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।