১০ :৪৮ অপরাহ্ণ
প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অবদান রাখায় জেলা সমাজসেবার সম্মাননা পেলেন আতাউর রহমান খান সামছু
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান সামছুকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আতাউর রহমান খান সামছুর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজে পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করা এবং তাঁদের অধিকার আদায়ে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান সামছু নিজে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কখনো দমে যাননি। শারীরিক সীমাবদ্ধতাকে তোয়াক্কা না করে তিনি দীর্ঘ দিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে আত্মনিয়োগ করেছেন।
বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা ও সামাজিক উন্নয়নে তাঁর উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের এই সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্ষীয়ান এই সমাজসেবক বলেন, “এই স্বীকৃতি আমার একা নয়; এটি আমাদের পুরো সংগঠনের এবং এর সাথে যুক্ত সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল।
এ ধরনের সম্মাননা ভবিষ্যতে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানে বক্তারা বলেন, আতাউর রহমান খান সামছুর মতো নিরলস সমাজসেবকরাই প্রতিবন্ধী ব্যক্তিদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখান। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাঁদের এই অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে।