বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০ ২৬
৬:১৩ অপরাহ্ণ

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১২তম পর্যায়ের অনুদানের আওতায় অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ করা হয়েছে।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বনগ্রাম কালীবাড়ি মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ১২ জন অতি দরিদ্র জেলের হাতে বিনামূল্যে নৌকা তুলে দেওয়া হয়।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শুভ্রকান্তি দাস চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী ও হাওরনির্ভর দরিদ্র জেলে পরিবারের জীবিকা নির্বাহে একটি নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।

বিনামূল্যে নৌকা বিতরণের ফলে নির্বাচিত জেলেরা মাছ আহরণের মাধ্যমে নিজেদের পরিবারের আয়-রোজগারের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। তারা বলেন, একটি নৌকা শুধু জীবিকার উপকরণ নয়, এটি একটি পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার সম্ভাবনার দ্বার খুলে দেয়।

সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে দাঁড়ালে দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আয়োজকরা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এসডিএসের এ ধরনের কার্যক্রম প্রান্তিক ও অসহায় মানুষের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ