৩:৩৮ অপরাহ্ণ
সিলেটে রাজন হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
শেখ আব্দুল মজিদ:: সিলেটে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। ১৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক আসামি পাভেল ছাড়া বাকি সব আসামির উপস্থিতিতে এই অভিযোগ গঠন করা হয়।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মফুর আলী জানান, আজ আদালত মামলার অভিযোগ গঠন করেন। ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করেন সিলেটের চিফ জুডিশিয়া ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সাহেদুল করিম।
সৌদি আরবে আটক কামরুলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমার মধ্যে পলাতকরা আদালতে হাজির না হওয়ায় আদালত বিচারিক কাজ শুরুর লক্ষ্যে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।
উল্লেখ্য, ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে নির্যাতনকারী তা সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেয়। ঘটনাটি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হলে পুলিশ কয়েকজনকে আটক করে।
কিন্তু মামলার মূল আসামি কামরুল পালিয়ে সৌদি আরব গেলে সেখানকার কয়েকজন প্রবাসী তাকে আটক করে সৌদি পুলিশের হাতে সোপর্দ করে। আইনি প্রক্রিয়ার মাধ্যেমে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে। এদিকে আটক কয়েকজন আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।