রবিবার, মে ১০ , ২০ ২৬
শ্রীমঙ্গল প্রতিনিধি
৯ মে ২০ ২৬
৭:৪৫ অপরাহ্ণ

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের ফ্রি ডেন্টাল চিকিৎসাসেবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর উদ্যোগে ফ্রি ওরাল চেকআপ ও ডেন্টাল ক্যাম্প এবং দাঁতের পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাপত্র, প্রয়োজনীয় ওষুধ, টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, দুরুদ আহমদ, মো. ইয়াকুব আলী, সিরাজুল ইসলাম চৌধুরী এবং দিল আফরোজ বেগম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের উপকরণ বিতরণ, খেলাধুলার সামগ্রী প্রদান এবং মানবিক সহায়তামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, বর্তমানে দাঁতের রোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।

সচেতনতার অভাবে অনেকেই ছোট সমস্যাকে বড় আকারে নিয়ে যান। অথচ নিয়মিত দাঁতের যত্ন ও সময়মতো চিকিৎসা গ্রহণ করলে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি শিশুদের দাঁতের যত্নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। দাঁতের যত্ন বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি নেতা দুরুদ আহমদ বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো মানবিক কাজে এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে। অন্যদিকে মো. ইয়াকুব আলী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. অমিতাব দাশ ও ডা. ইনজামুল হক চৌধুরী।

এ সময় চিকিৎসকরা দাঁতের যত্নে নিয়মিত ব্রাশ করা, অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার পরিহার এবং নিয়মিত ডেন্টাল চেকআপের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে মশিউর রহমান রিপন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেনাটা ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি মো. শাহ আলম, সেনসোডাইন এর প্রতিনিধি শেখ মো. মেহেদী হাসান, রোটারিয়ান অবিনাশ আচার্য্য, সাজ্জাদুর রহমান চৌধুরী, লিটন পাল, সুব্রত দাস, নাঈম শরফরাজ, ফেরদৌস আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের বিনামূল্যে ওষুধ, টুথপেস্ট ও টুথব্রাশ সরবরাহ করে রেনাটা ফার্মাসিউটিক্যালস ও সেনসোডাইন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ