বুধবার, জুন ১০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জুন ২০ ২৬
৬:৩০ অপরাহ্ণ

গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর মহাপরিচালক মি. গিলবার্ট হুংবোর সঙ্গে বাংলাদেশের শ্রম -কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার (১০ জুন ২০২৬) তারিখে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী শোভন কাজ (Decent Work), সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী আইএলওর Global Coalition for Social Justice উদ্যোগকে স্বাগত জানান এবং বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SMEs)-এর বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন যে বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সকল মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে।

তিনি শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (NTCC-এর মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত Article ২৬ মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন। মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম, ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ এবং শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান। আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সফরের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে উভয় পক্ষ শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিবমোঃ আব্দুর রহমান তরফদার, ডেলিগেইট সদস্যগণ এবং জেনেভা মিশনের কর্মকর্তাগণ।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ