৮:৩০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা হবে -- ব্যারিস্টার এম এ সালাম
ডেঙ্গুর প্র'কোপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৪০ হাজার কিট দিল রেড ক্রিসেন্ট সোসাইটি
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বিডিআরসিএস-এর জাতীয় সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এর পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন।
কিট হস্তান্তরকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ রেড ক্রিসেন্টের দ্রুত সাড়াদানের প্রশংসা করে বলেন, “বিভিন্ন সংকটে যখনই রেড ক্রিসেন্টের কাছে সহায়তা চাওয়া হয়, তারা তাৎক্ষণিক সাড়া প্রদান করে।
এ বছর আমাদের ডেঙ্গু পরীক্ষার কিটের ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা দিলে আমি রেড ক্রিসেন্টকে কিট সরবরাহের অনুরোধ জানাই।
তারা অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দিয়েছেন। এই জরুরি সহায়তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তারা এভাবেই পাশে থাকবেন।” বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “সরকারের সহযোগী সংস্থা হিসেবে আমাদের ধারাবাহিক সহায়তার আরেকটি অনন্য উদাহরণ হলো এই ডেঙ্গু কিট প্রদান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সবচেয়ে বড় শক্তি হলো দ্রুত সাড়াদানের ক্ষমতা। গত বছর আমরা ডেঙ্গু পরীক্ষার ৩০ হাজার কিট দিয়েছিলাম, এবার তা বাড়িয়ে ৪০ হাজারেরও বেশি কিট দিচ্ছি। এছাড়া হাম মোকাবিলাসহ দেশের যেকোনো স্বাস্থ্যঝুঁকিতে আমরা বড় ধরনের ভূমিকা রাখছি।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার যে অঙ্গীকার বর্তমান সরকারের রয়েছে, বিডিআরসিএস সেই লক্ষ্য বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে সব ধরনের সহযোগিতা করার জন্য রেড ক্রিসেন্ট প্রতিশ্রুতিবদ্ধ। ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে চেয়ারম্যান জানান, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের আরও নিবিড় ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা সাধারণ মানুষকে সচেতন করার কাজে বড় ভূমিকা রাখতে পারেন। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম এনডিসি এবং হেলথ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির (অব.) প্রমুখ।