৪:০ ৫ অপরাহ্ণ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। নববর্ষ উপলক্ষে সকাল থেকেই নববর্ষের আমেজে মুখর ছিল পুরো ক্যাম্পাস।
বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে মাছ, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তরমুজ, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ডাকটিকিটের বক্স, হাতপাখা, গায়েন-বায়েনের সাজ, ও আলপনায় সজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার সময় ঐতিহ্যবাহী ঢাক-ঢোল ও বাঁশির সুর ক্যাম্পাসকে মুখরিত করে। শোভাযাত্রা শেষে লোকজ মেলার আয়োজন করা হয়, যেখানে পিঠা-পুলি, মাটির পাত্র, হস্তশিল্পসহ বিভিন্ন স্টল ছিল। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা ঋণখেলাপি সংস্কৃতি। নববর্ষের সূচনা থেকেই নতুন প্রত্যাশার ভিত্তি তৈরি হয়েছে।
আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “আমরা আজ শ্রদ্ধার সঙ্গে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেন নববর্ষের শপথ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা ও জীবন গঠনে অগ্রসর হয়।” নববর্ষের এই আয়োজন বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। পুরো আয়োজনই ছিল ছাত্র-শিক্ষক সমন্বয়ে এক উচ্ছ্বাসমুখর দিন।