১:২১ অপরাহ্ণ
প্রশিক্ষিত শিক্ষকই মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের ভিত্তিমূল: সৈয়দ মুস্তাফিজুর রহমান
"আমাদের শিক্ষা, আমাদের শিক্ষক, জাতি গঠনের পথ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ জুলাই শনিবার ঢাকনাইল আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর শিক্ষক প্রশিক্ষক জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান।
তিনি শিক্ষকদের আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নের কৌশল, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং একজন শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম আজম ও জনাব সৈয়দ এবাদুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকনাইল আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন। বক্তারা বলেন, একটি দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান অনেকাংশেই নির্ভর করে শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা ও পেশাগত সক্ষমতার ওপর।
তাই সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা বর্তমান সময়ের অপরিহার্য দাবি। প্রশিক্ষিত শিক্ষক কেবল পাঠদানেই দক্ষ হন না; তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে শিক্ষক প্রশিক্ষণে বিনিয়োগ মানেই ভবিষ্যৎ প্রজন্ম ও জাতি গঠনে বিনিয়োগ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধারাবাহিক প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।