১০ :০ ৬ অপরাহ্ণ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জকিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে. এম. মামুন এবং ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জের সুপারভাইজার মাওলানা জাকির হোসেন।
বক্তারা বলেন, একটি সুস্থ শিশুই আগামীর বাংলাদেশ। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধেও এ ভিটামিন অত্যন্ত কার্যকর।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জকিগঞ্জ উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে উপজেলার সকল অভিভাবককে তাদের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ স্থায়ী ও অস্থায়ী টিকাকেন্দ্র, স্কুল অথবা মাদ্রাসায় নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।