১:৩৬ অপরাহ্ণ
১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ১৭ বছর পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার আল মামুন জানান, সোমবার জামিনের কাগজ পত্র কারাগারে আসলে যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা ১১ টায় তাকে মুক্তি দেয়া হয়। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আব্দুস সালাম পিন্টুর মুক্তির খবরে সকাল থেকেই কারা ফটকে শতশত নেতাকর্মীরা ভীড় জমান। পরে তিনি বেলা ১১ টার সময় পরিবারের সদস্যদের সাথে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান।
এসময় শতশত নেতাকর্মীদেরকে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,কারগার থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন পিন্টু। সেখান থেকে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।