৯:১৮ অপরাহ্ণ
কুলাউড়ায় আরও ৭জন করোনায় আক্রান্ত
কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৭ জন ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত সকলের বয়স ২২ থেকে ৬০ বছরের মধ্যে।
বুধবার (৩ জুন) রাত ৮টায় তথ্যটি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হক। তিনি জানান, ঢাকার শেরে বাংলা রোডস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ- রেফারেল সেন্টার থেকে রিপোর্টগুলো পজেটিভ আসে।
কুলাউড়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসীম উদ্দিন আহমেদ বলেন, গত ৩০ মে ১৫ জন ও ১ জুন ১৮ জন মোট ৩৩ জন ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৩০ মে তারিখের রিপোর্টে ৪ জনের এবং ১ জুন তারিখের রিপোর্টে ৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
তাঁদের মধ্যে দুই জন (বয়স ৬০ ও ৪৮) কুলাউড়া পৌর শহরের মাগুরার বাসিন্দা। বাকি সকলের বাড়ি যথাক্রমে কর্মধা ইউনিয়নের ভা-ারী এলাকার ১জন (বয়স ৩৫), কাদিপুরের কৌলারশি এলাকার ১জন (বয়স ২২), হাজীপুরের কেওলাকান্দি ১জন (বয়স ৩১), ব্রাহ্মণবাজারের লামাপাড়া এলাকার ১জন (বয়স ২৫) ও সাউথ ইস্ট ব্যাংকের নৈশপ্রহরী ১জন (বয়স ৪৬)।
এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। তবে এরমধ্যে ৮ জন ব্যক্তি সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বৃহস্পতিবার বিকাল ৪টায় জানান, কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ ৭ জনকে জানানো হয়েছে। সকলকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।