৭:৫৮ অপরাহ্ণ
অবরোধ ঠেকাতে সরব আওয়ামী লীগ
জকিগঞ্জে গ্রেফতার এড়াতে মাঠছাড়া বিএনপি-জামায়াত
জকিগঞ্জে ঢিলেঢালা ভাবে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন পালিত হয়েছে। গ্রেফতার এড়াতে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা না গেলেও অবরোধ ঠেকাতে আওয়ামীলীগ নেতা কর্মীদের সরব উপস্থিতি ছিল। ২৮ অক্টোবর হরতালে কালিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ ২২ জন নেতাকর্মীকে আসামী করে আরো১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে। এর মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সালের নেতৃত্বেও বিভিন্ন এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। সকাল থেকেই ছোট ছোট যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক ছিলো। তবে অন্যদিনের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। টানা তিনদিনের অবরোধে ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে।
অফিস আদালতে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিলো। এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নৈরাজ্য প্রতিহত করতে পৌর শহরসহ বিভিন্ন বাজারে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় থাকতে দেখা যায়। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করতেও দেখা গেছে।