সোমবার, মে ২৫, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
৫ সেপ্টেম্বর ২০ ২৫
১১:৩৫ অপরাহ্ণ

জকিগঞ্জের গণিপুর সুশীলন ও HCI’র উদ্যোগে আধুনিক শিক্ষা-স্বাস্থ্য সেবার যাত্রা শুরু

সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুরে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সুশীলনের উদ্যোগে এবং Human Concern International (HCI)-এর অর্থায়নে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় ভবনের তৃতীয় তলা আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শুরু হওয়া নির্মাণকাজ চলতি বছরের ১৩ আগস্ট সম্পন্ন হয়। ভবনটি চালু হওয়ায় প্রায় ৩৫০ শিক্ষার্থী আধুনিক ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় আগে পড়াশোনায় নানা সমস্যায় পড়তে হতো, এখন নতুন ভবনের কারণে শিক্ষা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী বলেন, “এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ঐতিহাসিক সংযোজন।

সুশীলন ও HCI আমাদের পাশে দাঁড়িয়ে মহান একটি কাজ সম্পন্ন করেছে। আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রত্যাশা করি।” প্রধান অতিথি সুশীলনের উপপরিচালক মোস্তফা বকুলুজ্জামান বলেন, “সুশীলন সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছি।

ভবিষ্যতেও এ অঞ্চলের উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” একই দিনে আয়োজিত স্বাস্থ্যশিবিরে প্রায় ১৫০ থেকে ২০০ রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। শিবিরে শিশু রোগ, স্ত্রীরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।

শিশুদের অভিভাবকরা জানান, এ এলাকায় কোনো শিশু বিশেষজ্ঞ না থাকায় দীর্ঘদিন তারা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। এ ধরনের উদ্যোগে তারা বাস্তব সুফল পাচ্ছেন।

এক কিশোরী কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে না পারলেও এ শিবিরে সে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি পেয়েছে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের জন্য একটি টেকসই উদাহরণ স্থাপন করবে। প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী মাওলানা মো. ফখরুল হাসান রুতবাহ (যুক্তরাজ্য) দোয়া-মোনাজাতে বলেন, হযরত আল্লামা গণিপুরী (রহ.)-এর বাড়িতে এ খেদমত চিরকাল জারি থাকবে—এমনটাই তার প্রত্যাশা। আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হোসেন চৌধুরী গিলমান ফুলতলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুশীলনের মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির, প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, মেসার্স সুরমা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এমরান আহমদ, প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. আবু বকর মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ