৬:৪৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
বাজেটকে যারা গণবিরোধী আখ্যা দেন, তারা কখনও জনগণের বন্ধু হতে পারেন না : প্রধানমন্ত্রী
জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে আখ্যা দেন, তারা কখনও জনগণের বন্ধু হতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংসদের ভেতরে কিংবা বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী একদিনের সফরে মৌলভীবাজারে যান, যেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, চা শ্রমিকদের চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। তারেক রহমান বলেন, চা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে ৫০ জনকে ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
দেশের গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। জনগণের অর্থ দেশের মানুষের কল্যাণ ও ভাগ্যের পরিবর্তনে ব্যয় করা হবে।
যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। এর আগে দুপুরে শ্রীমঙ্গলে পৌঁছে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সফর উপলক্ষে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।