৩:৫৪ অপরাহ্ণ
যুবদের কর্মদক্ষতায় গড়ে উঠবে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ
সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পরবর্তী পর্যালোচনা সভা ও সাংগঠনিক বিশেষ সভা শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পরবর্তী পর্যালোচনা সভায় বক্তারা বলেন, সার্বিকভাবে যুবদেরকে কর্মঠ ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য যুবদের জন্য অনুকুল পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনভাবেই যুবদেরকে অন্যায় কাজে ব্যবহার করা চলবে না। যুবদেরকে সঠিক ও সত্য পথে পরিচালিত করলে যুবরাই বাংলাদেশের উন্নয়নের প্রধান চাবিকাঠিতে পরিণণিত হবে। যুবদেরকে রাজনীতির রাহুগ্রাস থেকে মুক্ত করে কাজে লাগাতে পারলে আগামী বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ ও বেকারত্বহীন দেশ হিসেবে গড়ে উঠবে। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন স্বপ্ন দেখেছিলেন। বক্তারা আরো বলেন, যুবদের কর্মদক্ষতাই গড়ে উঠবে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ।
সাংগঠনিক সভায় শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষা ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মান রক্ষার দাবিতে সংস্থাদ্বয় গৃহীত আগামী ২২ নভেম্বর রবিবার ঘেরাও কর্মসূচী সফলে বেলা ১১টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণে গণজমায়েত ও সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে পদযাত্রা ও দুপুর ১২টায় সিসিক ঘেরাও কর্মসুচীর উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি আগামী ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ঘেরাও কর্মসূচী সফলে সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভার উদ্যোগ গ্রহন করা হয়।
সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান। নেতৃবৃন্দদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইন্দ্রজ্যোতি পাল জীবন, যুবনেতৃবৃন্দদের মধ্য থেকে সাংবাদিক ও যুব সংগঠক ফোজায়েল আহমদ, যুবনেতা সিরাজ আহমদ, হাফিজ রফিকুল ইসলাম, মোঃ জমশের উদ্দিন ও মোঃ হেলাল আহমদ।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পরবর্তী পর্যালোচনা সভা ও সাংগঠনিক বিশেষ সভায় মোঃ জিয়াউর রহমান সহ ৪ জনকে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সাংগঠনিক শুভেচ্ছা স্মারক ২০২০ প্রদান করা হয়।