১০ :৩৭ অপরাহ্ণ
লালাবাজারের দশহাল গ্রামে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেটের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের দশহাল গ্রামে কৃষক জাবের মিয়ার জমিতে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি’র ফলিত গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ূন কবীর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট’র বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদি হাসান ও খন্দকার খালিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার উপসহকারী কৃষি অফিসার মিল্টন পাল ও হাফিজ কাওছার আহমদ, ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম। পশ্চিমভাগ মহিলা সিআইজি ফসল সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাছিমা আক্তারসহ দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার দু'শতাধিক কৃষকের উপস্থিতিতে উক্ত মাঠ দিবস বাস্তবায়িত হয়।
জনসেবায় উদ্ভাবনের আওতায় ফলিত গবেষণা বিভাগ ব্রি-গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান প্রস্তাবনার আলোকে ৬ টি জাতের ধান ব্যবহার করে অঞ্চল উপযোগী ধান উৎপাদন প্রযুক্তি প্রদর্শণী বাস্তবায়িত হয়।
উক্ত প্রদর্শণীতে ব্রি ধান৪৯, ব্রি ধান৭১, ব্রি ধান৭৯, ব্রি ধান৮০, ব্রি ধান৮৭ এবং ব্রি ধান৯৩ জাতসমূহ এবং তাদের উৎপাদন প্রযুক্তি প্রদর্শিত হয়।
একই জমিতে পাশাপাশি ছয়টি জাতের ধানের বৈশিষ্ট্য, জাতের উপযোগী উৎপাদন প্রযুক্তি, ফসলের ক্ষতিকর পোকা-মাকড় দমনে আলোক ফাঁদ ব্যবহারসহ বিভিন্ন বিষয় সম্পর্কে কৃষকগণ জানতে পারেন এবং তাদের উপযোগী জাত নির্বাচন করতে সহজ হয়। অনুষ্ঠানের শুরুতে আগত সকল কৃষকদের প্রদর্শণী মাঠ পরিদর্শণ করানো হয়। উপস্থিত কৃষকরা পরবর্তী মৌসুমে উক্ত জাত সমূহ চাষাবাদের আগ্রহ পোষন করেন।
মেসার্স আহমদ বীজ এজেন্সি প্রদর্শণীর বীজ সংগ্রহ করে পরবর্তী মৌসুমে বাজারজাত করবে বলে জানা যায়। নতুন এই প্রদর্শণীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক, স্থানীয় বীজ উৎপাদক ও কৃষি গবেষক – এই চার অংশীদার জড়িত ছিলেন।
মাঠ দিবস পরবর্তীতে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের বাড়ির বৈঠকখানায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ব্রি’র ফলিত গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ূন কবীর, বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদি হাসান ও খন্দকার খালিদ আহমদ প্রশিক্ষণ প্রদান করেন।