১:৩৮ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে সুবিদবাজারে এমদাদ চৌধুরীর শীতবস্ত্র বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মখলিছ খানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া ও সহ-সভাপতি মনির মিয়া, মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ও ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক রাজন আহমদ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ কালে এমদাদ হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করেছেন।
দেশী বিদেশী ষড়যন্ত্রে শহীদ জিয়াকে শহীদ করা হলেও জনতার জিয়াকে জনতার হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারেনি। শহীদ জিয়ার সৈনিকেরা সব সময় আর্তমানবতার কল্যানে কাজ করে আসছে। মহান নেতার জন্মদিনে আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। শীতার্ত মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।