৭:১৬ অপরাহ্ণ
ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা
গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয় এবং সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, কদমতলীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ নরুল ইসলাম এবং সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।
সভায় গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণপরিবহনে ধূমপান বন্ধে সচেতনতা বৃদ্ধি, তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রচার প্রতিরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (DAS)-এর কোঅর্ডিনেটর মোহাম্মদ মজিবুল হোসেন।
তিনি গণপরিবহন ও টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং আইন কার্যকরে পরিবহন খাতের অংশীজনদের করণীয় তুলে ধরেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও পরিচালনা করেন DAS-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। আলোচনা সভায় সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণপরিবহন সাধারণ মানুষের নিত্যদিনের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। তাই বাস, কোচ, মাইক্রোবাস ও টার্মিনালসহ পুরো গণপরিবহন ব্যবস্থাকে কার্যকরভাবে তামাকমুক্ত রাখা জরুরি। এ জন্য পরিবহন মালিক-শ্রমিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে ধূমপানমুক্ত রাখতে মালিক-শ্রমিকদের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (SDS)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (DAS) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) সহযোগিতা করে। _____