১০ :১০ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে ১৫০ জন এতিম ও কোরআনের পাখিকে নিয়ে মেহমানদারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ‘মানবতার কর্ণধার চট্টগ্রাম’-এর উদ্যোগে এবং Voice of Humanity Social Organization ও রক্তের বাঁধন সিলেটের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।
এতে জালালপুর ইউনিয়নের নিজ জালালপুরস্থ ব্যানিফিট ম্যানকাইন্ড এতিমখানা এবং ইসলামপুরের হযরত মাদার শাহ (র.) ইসলামিক একাডেমির ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের জন্য মাটন বিরিয়ানি দিয়ে মেহমানদারির আয়োজন করা হয়।
Voice of Humanity Social Organization-এর পরিচালক ও তরুণ সমাজসেবক তাহের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি দুই অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন ব্যানিফিট ম্যানকাইন্ড এতিমখানায় কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও মেহমানদারির মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এ অধিবেশনে দোয়া পরিচালনা করেন এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ ইসলাম উদ্দিন। দ্বিতীয় অধিবেশন হযরত মাদার শাহ (র.) ইসলামিক একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ, দোয়া ও মেহমানদারি অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা হোসাইন আহমদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার কর্ণধার চট্টগ্রামের পরিচালক সাদিয়া ইসলাম আজমিরা, রক্তের বাঁধন সিলেটের পরিচালক আব্দুর রব, Voice of Humanity Social Organization-এর পরিচালক তাহের আহমেদ, বন্ধু মহল রক্তদান ও মানব কল্যাণ সোসাইটির সভাপতি শাহরুল চৌধুরী, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হাবিবুর রহমান সজীব, আলাউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, অসুস্থ রোগীদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মানবিক আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা । দুই মাদ্রাসার প্রধান শিক্ষক আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে দেশ ও প্রবাসে অবস্থানরত সবার রোগমুক্তি, সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।