৯:১৭ অপরাহ্ণ
স্ত্রীর জন্যই বাঁচতে চেয়েছিলেন ইরফান
স্ত্রী-ই তার জীবনের বড় শক্তি। তার জীবনের দৃঢতম স্তম্ভ। এ কথা বারবার নিজের মুখেই স্বীকার করতেন ইরফান খান। আজ চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে শুয়ে রয়েছেন বলিউডের এ অন্যতম প্রতিভাবান অভিনেতা। তিনি বাঁচতে চেয়েছিলেন স্ত্রীর জন্যই। মাত্র এক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন এ কথা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিন-এ প্রকাশিত খবর সূত্রে জানা গেছে এ তথ্য। সে খবরে আরো বলা হয়, মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারের কাছে হার মেনে নিলেন ইরফান খান।
সদ্যই মুক্তি পেয়েছিল তার ছবি ‘আংরেজি মিডিয়াম’। দীর্ঘ রোগভোগ ও চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়েই এই ছবির কাজ হাতে নিয়েছিলেন অভিনেতা।
সফলভাবে উতরেও দিয়েছিলেন। কিন্তু জীবনের যুদ্ধে উতরাতে পারলেন না। ‘আংরেজি মিডিয়াম’ মুক্তির পর একটি সাক্ষাৎকারে স্ত্রীর ভূমিকা নিয়ে বলেছিলেন ইরফান। ১৯৯৫-এর ২৩শে ফেব্রুয়ারি ঘঝউ বা ন্যাশনাল স্কুণ অব ড্রামার স্টুডেন্ট, তার ক্লাসমেট সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান। জন্মসূত্রে দিল্লির মেয়ে সুতপা ছিলেন যথার্থ অর্থেই তার জীবনসঙ্গিনী। সুতপা নিজেও ছিলেন একজন অভিনেত্রী, একাধারে স্ক্রিপ্ট রাইটার, পরিচালক। স্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে ওই সাক্ষাৎকারে ইরফান বলেছিলেন, ‘সুতপা ৭ দিন ২৪ ঘণ্টা আমার সঙ্গে থাকে। আমার খেয়াল রাখে। যদি বাঁচি তাহলে ওর জন্যই বাঁচতে চাইবো। আমাকে এরকম শক্ত রাখার কারণ হলো সুতপা।’