২:১৯ অপরাহ্ণ
জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’ পরিবেশন করা হয়। এরপর নজরুলের আরও দুটি ভক্তিমূলক গান একক কণ্ঠে পরিবেশন করা হয়।
সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নজরুল বর্ষের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মুকিত, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের মতো জকিগঞ্জেও নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।