৬:৪৭ অপরাহ্ণ
জকিগঞ্জের বীরশ্রীতে জরাজীর্ণ ঘর থেকে নিরাপদ আশ্রয়ে বিধবা আরতি রানী বিশ্বাস
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের উত্তর বিপক গ্রামের অসহায় বিধবা আরতি রানী বিশ্বাসের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। দীর্ঘদিন জীর্ণশীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা আরতি রানী বিশ্বাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে অনলাইন মিডিয়া KC RT Live। বুধবার (২৩ সেপ্টেম্বর) নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তার কাছে হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন KC RT Live-এর চেয়ারম্যান ও সমাজসেবী জাহেদ আহমদ ফারহান। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। জানা যায়, উত্তর বিপক গ্রামের বাসিন্দা আরতি রানী বিশ্বাসের বাবা-মা ও স্বামী কেউই বেঁচে নেই। বাবার বাড়িতে একমাত্র ছেলে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী গোপাল বিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছিলেন তিনি।
দিনে ওই ঘরে অবস্থান করলেও রাতে নিরাপত্তার জন্য চাচাতো ভাইদের ঘরে আশ্রয় নিতে হতো তাকে। অসহায় মা ও স্কুলপড়ুয়া ছেলের এমন জীবনযাপনের চিত্র ছিল অত্যন্ত কষ্টের। আরতি রানী বিশ্বাসের দুর্দশার কথা স্থানীয় অনলাইন চ্যানেল KC RT Live-এ প্রচার হলে বিষয়টি অনেকের নজরে আসে। পরে সমাজসেবী জাহেদ আহমদ ফারহানসহ ১৫ জন হৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তাদের সম্মিলিত সহযোগিতায় নির্মাণ করা হয় আরতি রানী বিশ্বাসের নতুন ঘর। KC RT Live-এর এডিটর ডা. কয়েস আহমদ চৌধুরী বলেন, আরতি রানী বিশ্বাসের অসহায়ত্বের কথা প্রচারের পর সমাজসেবী জাহেদ আহমদ ফারহানসহ ১৫ জন হৃদয়বান মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের অনুদানে অসহায় এই নারীর মাথা গোঁজার নিরাপদ ঠাঁই করে দেওয়া সম্ভব হয়েছে। এটি KC RT Live-এর উদ্যোগে নির্মিত নবম ঘর। বর্তমানে দশম ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এ ধরনের ১০০টি ঘর নির্মাণের লক্ষ্য রয়েছে তাদের।
এদিকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরতি রানীর ছেলে গোপাল বিশ্বাসের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি জাহেদ আহমদ ফারহান। একই সঙ্গে তাদের নতুন ঘরে একটি সিলিং ফ্যানেরও ব্যবস্থা করে দেন তিনি। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আরতি রানী বিশ্বাস মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করেন।
এ সময় তিনি যারা ঘর নির্মাণে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করেন। দীর্ঘদিনের কষ্টের পর নিরাপদ একটি আশ্রয় পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদ, ব্যবসায়ী শামীম আহমদ, ইকবাল আহমদ, সত্য বিশ্বাস, রাসেল আহমদ প্রমুখ।