২:৩৫ অপরাহ্ণ
বাশিস সিলেট মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন
মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক: ড. রমা সরকার
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার দি এইডেড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। বাশিস মহানগর সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রমা সরকার মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে মাধ্যমিক শিক্ষকদের চাকুরিও জাতীয়করণের দিকে আরও কয়েক ধাপ এগিয়ে যেত। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। তিনি বলেন, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাতা এবং শিক্ষক সমাজের আর্থিক সুযোগ সুবিধা তথা উন্নয়ন সাধন ব্যতিরেকে জাতীয় উন্নতি সম্ভব নয়।
ড. রমা সরকার নিজেকে শিক্ষক পরিবারের সন্তান উল্লেখ করে বলেন, শিক্ষকরা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার উৎস। শিক্ষকদের অনুপ্রেরণায় ও আন্তরিকতায় ছাত্রছাত্রীরা চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, বিজ্ঞানী ও পেশাজীবী হিসেবে নিজেদেরকে গড়ে তোলে সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে। জাতীয় জীবনে এবং বহির্বিশ্বে নিজেদের মেধার স্বাক্ষর রাখছে- এসব অর্জনে শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ অবদান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবির আহমদ বলেন, শিক্ষকদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি শিক্ষকদের আধুনিক শিক্ষাদান কৌশলে আরও দক্ষতা অর্জনের আহবান জানান। প্রধান বক্তার বক্তব্যে বাশিস ভারপ্রাপ্ত মহাসচিব ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার পেশাজীবী সংগঠন হচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
তিনি সংবিধানের ৩৭৯ নং ধারার উদ্ধৃতি দিয়ে বলেন, একই মন্ত্রণালয়ের অধীন একই বোর্ডের সিলেবাস পড়িয়ে সমান দায়িত্ব পালন করে বেসরকারি হাইস্কুলের এমপিওভুক্ত শিক্ষকরা কম বেতন ভাতাদি পাবেন এটা কখনও সমতা ও আইনানুনগ নয়। তিনি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি স্কুলের শিক্ষকদের সমান উৎসব ভাতা, বাড়ীভাড়া ও চিকিৎসা প্রবর্তনের দাবি জানান। তিনি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট সবিনয় আবেদন জানান।
মহানগর বাশিস’র বিদায়ী সচিব মো. জিয়াউর রহমান ও জেলা যুগ্ম সচিব মো. ফয়ছল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ এইচ এম ইসরাইল আহমদ, জেলা বাশিস সভাপতি মামুন আহমদ, জেলা সচিব মো. শমসের আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. আব্দুর রহমান, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মুমতাজ খানম, মো. আমিনুল ইসলাম, মো. খসরুজ্জামান, মো. রফিকুল আলম, এলাইছ মিয়া, ইনসান মিয়া, মিসেস জহুরা বেগমসহ জেলা ও মহানগর বাশিস নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিতকে সভাপতি, দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ফয়ছল আহমদকে সেক্রেটারী ও জহির-তাহির মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতকে সাংগঠনিক সচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট মহানগর বাশিসের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।