১:১১ অপরাহ্ণ
এম এ খান সেতুর নামফলক খুলে ফেলায় জেলা ও মহানগর বিএনপির নিন্দা
লামাকাজী এম এ খান সেতু থেকে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামফলক খুলে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে নামফলক সংযোজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার উন্নয়নের চাইতে নামকরণ ও নাম মুছে ফেলার রাজনীতিতে এগিয়ে রয়েছে। তারা দেশে কোন বিমানবন্দর তৈরী করতে না পারলেও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলেছে। সিলেটের বিভিন্ন স্থাপনা থেকে সিলেট বিভাগ উন্নয়নের রুপকার এম সাইফুর রহমানের নাম মুছে দিয়েছে।
বিভিন্ন স্থাপনা থেকে তাদের নামফলক পর্যন্ত ভেঙ্গে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের কৃতি সন্তান অ্যাডমিরাল মাহবুব আলী খান (এম এ খান) ১৯৮২ থেকে ১৯৮৪ সালের জুন পর্যন্ত সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রথম সেতু নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৪ সালের ১ জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়। এই সেতু নির্মাণের আগে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় ফেরি চলাচল ছিল।
সেতুটি উদ্বোধনের প্রায় সাত মাসের মাথায় ১৯৮৪ সালের ৬ আগস্ট এম এ খান মারা যান। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লামাকাজী এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রথম সেতুর নাম এম এ খানের নামে করা হয়। কিন্তু সম্প্রতি একটি চক্র সেতু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানের শশুর এম এ খান এর নাম মুছে ফেলে। এর মাধ্যমে সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যথা স্থানে এম এ খানের নাম যোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।