৫:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রুবেল মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নওসিন জাহানের সঞ্চালনায় সভার শুরুতে সভাপতির বক্তব্যে রুবেল মাহমুদ উপস্থিত সকলকে স্বাগত জানান এবং সভার উদ্দেশ্য তুলে ধরেন। পরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ইপসা) মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম, জেলার অগ্রগতি, চ্যালেঞ্জ, সুপারিশ ও করণীয় বিষয় উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এছাড়া জানুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে মোট ২০২৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, গ্রাম আদালত দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বল্প খরচে এবং দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।
স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উচ্চ আদালতের মামলার চাপও কমানো সম্ভব। তিনি আরও বলেন, গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে, যাতে এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
সভাপতির বক্তব্যে রুবেল মাহমুদ বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের বিচারিক সেবা নিশ্চিতের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এখনো অনেক মানুষ এ সেবার সুফল সম্পর্কে অবগত নন। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্টদের গ্রাম আদালতের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি গ্রাম আদালত কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।