শনিবার, মে ২, ২০ ২৬
স্টাফ রিপোর্টার
২ মে ২০ ২৬
৬:৫৫ অপরাহ্ণ

শহীদ জিয়ার স্মৃতিজড়িত সিলেটের বাসিয়া খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২ মে) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল (নদী) পুনঃখনন উদ্বোধন করেছেন। বেলা একটায় মাসুকবাজার এলাকায় কুদাল খাল খননের উদ্বোধন করেন। পরে, তিনি খালের পাড়ে বৃক্ষরোপন করেন। একইস্থানে একসময় তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুদাল হাতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

খাল পুনঃখনন উদ্বোধন শেষে স্থানীয় জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাসিয়া নদী ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। এখন এটি ভরাট হয়ে প্রায় বন্ধ হয়ে গেছে। এটি কাটলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে। পরোক্ষভাবে আরো দেড় লাখ কৃষক উপকৃত হবেন। খাল খনন শেষ হলে স্বাভাবিকের চেয়ে প্রায় সাত হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন হবে। ৪০ কিলোমিটার খালের ২৩ কিলোমিটারজুড়ে খনন ও বৃক্ষরোপনের কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই ২৩ কিলোমিটার খননে দুই শুকনো মৌসুম দরকার পড়বে। আমরা চেষ্টা করবোÑ আগামী নভেম্বর থেকে পুনঃখনন কার্যক্রম শুরু করে দ্রুত খনন শেষ করার। এতে দুই পাড়ের কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে এই ২৩ কিলোমিটাজুড়ে ৫০ হাজার বৃক্ষরোপন করা হবে। এতে কৃষকরা কাজের পাশাপাশি ছায়া পাবেন এবং ফলজ গাছ লাগানো হবে যাতে মানুষ ফলও খেতে পারেন। বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সিলেট নয়; সারাদেশে এরকম অনেক খাল খনন করা হবে।

এতে কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা বলেছিলামÑ যদি ক্ষমতায় আসতে পারি কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড প্রদান করবো। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন আমরা ইতোমধ্যে এই কার্যক্রম শুরু করেছি। কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান করবো।

নির্বাচনের পর দায়িত্বগ্রহণের ১০দিনের মধ্যে ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করে দিয়েছি। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এমপি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মোহাম্মদ আব্দুল মালিক এমপি, এমরান আহমদ চৌধুরী এমপি, তাহসিনা রুশদীর এমপি, সাখাওয়াত হাসান জীবন এমপি, শাম্মি আক্তার এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে ১৯৭৭ সালে এবং পরে ১৯৮১ সালে মৃত্যুর কিছুদিন আগে সিলেটে এসে বাসিয়া খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছিলেন। তার মৃত্যুর পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং নদীটি আবার খালে পরিণত হয়।

তারেক রহমানের এই উদ্যোগ স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় বিমানযোগে সিলেটে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। সকালে প্রথমে তিনি হজরত শাহজালাল মাজার জিয়ারত করেন। পরে, সিলেট সিটি করপোরেশনের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে নেওয়া সাড়ে সাতশ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে সুধি সমাবেশে বক্তব্য দেন। বিকেলে তিনি সিলেট জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করবেন এবং বিকেল পাঁচটায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিবেন। রাত সাতটায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকায় ফিরবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ