৬:২৩ অপরাহ্ণ
নিরাপত্তাহীনতায় শাবি শিক্ষার্থীরা, হলে থাকতে বিক্ষোভ-মিছিল
বন্যা ও দেশের সংকটকালীন সময়ে আবাসিক হলে থাকতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নিজ দায়িত্বে থাকলেও প্রশাসনের প্রতি নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে জড়ো হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা নিজ দায়িত্বে হলে থাকতে একমত হয়েছি। এরপরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে আমরা নিজেদের দায়ভার নিজেরা নেব। তারা আরও বলেন, আমাদের সঙ্গে সমন্বয়কারীরাসহ সবাই আলোচনা করুন, হলে যদি কোনো ছাত্রলীগের নেতা-কর্মীরা থাকেন, প্রমাণ সাপেক্ষে আমরা তাদের হল থেকে বের করে দেব।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে আবাসিক হলগুলোতে মোটরসাইকেল মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়ে।
পরে ঘটনায় খবর পেয়ে রাত ৩টার দিকে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দিলে তারা রুমে ফিরে যায়। পরের দিন নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সমন্বয়কদের পক্ষ থেকে হল ত্যাগ করতে বলা হলে এতে শিক্ষার্থী দ্বিমত পোষণ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।