১০ :০ ৪ অপরাহ্ণ
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের
দেশের অন্যান্য সীমান্তের তুলনায় জকিগঞ্জ সীমান্ত শান্ত ও নিরাপদ
সিলেটের জকিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র উদ্যোগে “আলোর পথে” শীর্ষক জনসচেতনতামূলক মতবিনিময় সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলার হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের হলরুমে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আয়োজিত এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯ ব্যাটালিয়নের সহকারি পরিচালক হুমায়ুন করিম পিবিজিএমএস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।
এসময় বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল উদ্দিন, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক কেএম মামুন ও মানবাধিকার কর্মী আনোয়ার খান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিজিবির এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অতীতে ভারতীয় সন্দেহে বিজিবি কর্তৃক জকিগঞ্জের সুপারির চালান আটকের ঘটনায় স্থানীয় জনগণের মাঝে সৃষ্ট ক্ষোভ প্রশমনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথি লে. কর্নেল জুবায়ের আনোয়ার তার বক্তব্যে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের অন্যান্য সীমান্ত এলাকার তুলনায় জকিগঞ্জ সীমান্ত বর্তমানে মোটামুটি শান্ত ও নিরাপদ রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে বিজিবির সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান উপলক্ষে বিজিবির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়, যা উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
প্রোগ্রাম শেষে অতিথিবৃন্দ বিজিবির উদ্যোগে পরিচালিত এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রশিক্ষণার্থীরা সরাসরি বাল্ব তৈরি করে প্রদর্শন করেন। বিজিবি কর্তৃপক্ষ জানান, স্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।