রবিবার, মে ৩, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২০ মে ২০ ২২
১১:১৯ অপরাহ্ণ

গোয়াইনঘাটে নন্দিরগাওয়ে পানিবন্দী মানুষের মাঝে বিএনপির ত্রান বিতরণ
গোয়াইনঘাট উপজেলা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। ত্রাণ সহায়তার জন্য মানুষ হাহাকার করছে। সরকারীভাবে নামমাত্র ত্রাণ দেয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। উপজেলার বন্যার্ত মানুষের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে গোয়াইনঘাট উপজেলা বিএনপি। ধারবাহিকভাবে প্রতিদিন বন্যাদূর্গত মানুষকে বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন বানভাসি মানুষকে সাহায্য করতে।

ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে শুক্রবার গোয়াইনঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে নন্দিরগাও এলাকার বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। নন্দিরগাও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চিড়া, মুড়ি, গুড় সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেন তিনি। এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল আমিন, নন্দিরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সদস্য আমির মিয়া ও যুবদল নেতা খলিলুর রহমান প্রমুখ।

ত্রাণ বিতরণকালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, গোয়াইনঘাটে এবারের ভয়াবহ বন্যা ২০০৪ সালের বন্যার সমপরিমান। গোটা উপজেলার ৯৫ ভাগ এলাকা তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছেন যোগাযোগ ব্যবস্থা না থাকার কারনে তারা খাবার কিনতে পারছেন না। প্রত্যন্ত অঞ্চলের মানুষের এ করুণ অবস্থা দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  গোয়াইনঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার পানিবন্দী পরিবারের মধ্যে বিতরণ করতে আসছি। বন্যার্ত অনেকের কাছে কোন খাবার নেই, বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তারা অন্ধকারে আছেন। এমতাবস্থায় পানিবন্দী হাজার হাজার মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসার জন্য সরকার, সামাজিক সংগঠন, বিদেশী দাতা গোষ্টী, বিত্তশালীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ