১১:১৮ অপরাহ্ণ
রাত পোহালেই ওসমানীনগরের ৮ ইউপিতে ভোট
রাত পোহালেই সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৩১ জানুয়ারী) ওসমানীনগরের উমরপুর,সাদীপুর,পশ্চিম পৈলনপুর,বুরুঙ্গা বাজার, গোয়ালাবাজার,তাজপুর,দয়ামীর ও উছমানপুর ইউপিতে ভোট অনুষ্টিত হবে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন ওসমানীনগর উপজেলাবাসী। আধুনিক প্রযুক্তি ইভিএমের মাধ্যমে এ উপজেলায় আগে কখনো ভোট গ্রহন হয়নি। তাই ইভিএম নিয়ে প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটাররা উদ্বিগ্ন থাকলেও ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়া সদস্য পদে ২৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই ইউনিয়নগুলিতে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজর ৭০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৫৩৪ জন ও নারী ভোটার ৭২ হাজার ১৭০ জন। মোট ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।