শনিবার, মে ১৬, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০ ২৬
৫:৫৭ অপরাহ্ণ

১৬ খাল খনন ও ২ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। সভায় জানানো হয়, জকিগঞ্জ উপজেলায় ১৬টি খাল খননের তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব খালের মধ্যে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে খননের আওতায় আনা হবে।

এছাড়া উপজেলাজুড়ে ২ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা হয়। বৃক্ষরোপণের ক্ষেত্রে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা এবং নদীভাঙন কবলিত এলাকায় মাটি সংরক্ষণের জন্য নারিকেল গাছের চারা রোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, ফুলতলীর আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ পরিচালিত ‘লতিফি হ্যান্ডস’-এর মাধ্যমে ১ হাজার ৫০০ নারিকেল গাছের চারা রোপণ করা হবে।

এদিকে, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও চলতি বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, উপজেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণে অন্তত ৫টি করে গাছের চারা রোপণ করা হবে। তাছাড়া নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজসেবী সংস্থাগুলোর পক্ষ থেকেও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হবে।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, বিএনপি নেতা অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা সাংবাদিক কেএম মামুন, সীমান্ত জার্নালের এডিটর হাবীবুল্লাহ মিসবাহ, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, এনজিও সংস্থা এসডিএস’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, লতিফি হ্যান্ডসের প্রতিনিধি ফয়সল আহমদ চৌধুরী, সংবাদকর্মী কয়েছ আহমদ প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধি, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ