১:২৭ পূর্বাহ্ণ
আমব্রেলা’র পরিবেশ প্রেমী অ্যাওয়ার্ড পেয়েছেন শাকির
করোনা মহামারী এবং বর্ষা মৌসুমকে উপলক্ষ করে আমব্রেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমগ্র দেশে গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করেছিলো। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বৃক্ষপ্রেমী শাহ সিকান্দর আহমদ শাকির। ‘সবুজ সিলেট, সবুজ হোক বাংলাদেশ’ এই স্লোগানে দীর্ঘদিন থেকে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় গাছ রোপণ করছিলেন শাকির।
আয়োজক সূত্রে জানা যায়, এই ব্যতিক্রম ধরণের প্রতিযোগিতায় সমগ্র দেশ থেকে প্রায় ৪০০ টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এবং প্রায় ৫ লক্ষাধিক গাছ রোপণ করে। শুধু গাছ লাগানো নয় বরং পরবর্তী পরিচর্যা, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কিছু বিষয়ের উপর ভিত্তি করে আমব্রেলা দ্য শ্যাড অব হিউম্যানিটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ‘পরিবেশ প্রেমী অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে৷ এই প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার অর্জন করে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম৷
দ্বিতীয় স্থান অর্জন করে সিলেট জেলার শাহ সিকান্দর আহমদ শাকিরের ‘সবুজ সিলেট, সবুজ হোক বাংলাদেশ' এবং তৃতীয় পুরষ্কার লাভ করে নীলফামারী জেলার ‘সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা’। এছাড়াও বিভাগীয় বিশেষ পুরষ্কার হিসেবে খুলনা বিভাগ থেকে অ্যালুমিনিয়াম সংঘ, ঢাকা বিভাগ থেকে বাংলাদেশ এনভায়রনমেন্টাল প্রটেকশন অথোরিটি, চট্রগ্রাম বিভাগ থেকে সামাজিক বিপ্লব, রংপুর বিভাগ থেকে লাল সবুজ সোসাইটি, ময়মনসিংহ বিভাগ থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া, সিলেট বিভাগ থেকে রিলেশন টু পিপল, রাজশাহী বিভাগ থেকে স্বপ্নচূড়া এবং বরিশাল বিভাগ থেকে মাতৃছায়া মহিলা কল্যাণ সমিতিকে ‘পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়৷ এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সংগঠনকে 'ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট' হিসেবে অ্যাওয়ার্ড ও প্রাইজ মানি প্রদান করা হয়৷ গত শুক্রবার সিলেটের পূর্ব জিন্দাবাজারের ফুড প্যালেস রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত 'পরিবেশ প্রেমী অ্যাওয়ার্ড-২০২০' এর পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলার উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহমিনা ইসলাম৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি) তোফায়েল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আ.ফ.ম জাকারিয়া, সহকারী প্রফেসর মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আব্দুল করিম কিম, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স এসোসিয়েশন এর বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আক্তার, আমব্রেলার উপদেষ্টা এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের ডিস্ট্রিক্ট ইনচার্জ (সিলেট-সুনামগঞ্জ) ইকবাল হোসাইন, মেসার্স সুরভী এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর জুবায়ের আহমেদ জাবের প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমব্রেলার উপদেষ্টা এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল, কক্সবাজার, বাংলাদেশ এর টিম লিডার আতিক রহমান৷ আমব্রেলার ফাউন্ডার ও সিইও এবং পরিবেশ প্রেমী অ্যাওয়্যার্ড-২০২০ এর প্রজেক্ট সমন্বয়ক মো. বাদশা মিয়া বলেন, করোনা মহামারিতে সবাই যখন মানুষকে ত্রাণ বা খাদ্যসামগ্রী উপহার দিচ্ছিলো, তখন আমব্রেলা পরিবার সমগ্র দেশের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে পরিবেশের খাদ্য হিসেবে পরিবেশকে গাছ উপহার প্রদান করে৷