২:১৫ পূর্বাহ্ণ
কারবালার চেতনায় উদ্ভাসিত হোক আমাদের জীবন: হুমায়ূনুর রাহমান লেখন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা হুমায়ূনুর রহমান লেখন বলেছেন, হযরত হুসাইন (রা.) পরিবার-পরিজন ও সাথী-সঙ্গীদের নিয়ে আশুরার দিনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। তিনি যে সত্যের পথে জীবন বিসর্জন দিয়েছেন তা উম্মতের জন্য সবক তথা শিক্ষনীয় হয়ে গেছে।
বাতিলের কাছে মাথা নত না করে সত্যের ঝান্ডা উড্ডীন করতে হযরত হুসাইন (রা.) জীবন দিয়েছেন। তাঁর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য। তাই এ উম্মতের জন্য উচিত হলো বাতিলের কাছে মাথা নত না করা। ইমাম হোসাইন (রা.) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের টুকরা। তাকে ভালোবাসা আমাদের উপর কর্তব্য। কারণ হাদীস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা বিপথগামী হবে না।
আর তা হলো আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। সুতরাং আহলে বাইতকে যারা ভালোবাসে না তারা পরিপূর্ণ ঈমানদার নয়। কারবালার ঘটনাকে কেন্দ্র করে যারা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায় তারা প্রকৃতপক্ষে হযরত হুসাইন (রা.) এর দোষ বের করতে চায়। এদের থেকে আমাদের হুশিয়ার থাকতে হবে এবং সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে।
তিনি গত ১৮ আগস্ট, বুধবার, বাদ মাগরিব শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি আব্দুল মুনতাসির খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন।
শাখা সহ-সভাপতি রাহেল আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, দি কুরআনিক হোম সিলেট’র প্রিন্সিপাল মাওলানা ফয়েজ আহমদ, সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ও ৩৬০ আউলিয়া স্মৃতি সংসদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ২২নং ওয়ার্ড সভাপতি এস এম জাকারিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল হাসান, শাখা সহ-সভাপতি মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাদি, প্রচার সম্পাদক আবু তায়্যিব চৌধুরী, অফিস সম্পাদক সারোয়ার আহমদ প্রমুখ।