১১:৩৬ অপরাহ্ণ
পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বানেশ্বরপুর ঐতিহ্যবাহী পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত, কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং বিভাগীয় পর্যায়ে কেরাত ও আযান প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৯ অক্টোবর শুক্রবার বিকালে বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কমিটির সেক্রেটারি মোছাম্মৎ এলিজা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুমিন, বিশিষ্ট ব্যক্তিত্ব মখন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুল আহাদ, বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মোঃ আহমদ আলী, ইউপি সদস্য আক্তার হোসেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুহিবুর রহমান এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আঙ্গুল আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বদরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোছাঃ তাহমিনা খাতুন, মোছাম্মৎ কুলসুমা বেগম, সুমা রানী ঘোষ, মোছাম্মৎ জোসনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, ধর্মীয় মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও প্রতিভা অন্বেষণে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানো এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রাণিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।