৭:১৮ অপরাহ্ণ
৬০০ মেট্রিক টন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ, আবেদন করেন ১৩০৭ কৃষক
জকিগঞ্জে বোরো ধান সংগ্রহে লটারিতে নির্বাচিত ২০০ কৃষক
সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২০০ জন কৃষক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক সভায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রকাশ্য লটারির মাধ্যমে এসব কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। সভায় জানানো হয়, ২০২৫-২৬ মৌসুমে জকিগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে মোট ৬০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মোট ১ হাজার ৩০৭ জন কৃষক আবেদন করেন। তাদের মধ্য থেকে ইউনিয়নভিত্তিক চাষাবাদের পরিমাণ ও উৎপাদনের অনুপাত বিবেচনায় নিয়ে ২০০ জন কৃষককে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। নির্বাচিত কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ খাদ্য গুদামে ধান সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়।
লটারির মাধ্যমে ইউনিয়নভিত্তিক নির্বাচিত কৃষকদের মধ্যে বারহাল ইউনিয়নে ১৫৯ জন আবেদনকারীর মধ্য থেকে ৩০ জন, বীরশ্রী ইউনিয়নে ১৮১ জনের মধ্যে ৩৫ জন, কাজলসার ইউনিয়নে ১৪৬ জনের মধ্যে ২৬ জন, খলাছড়া ইউনিয়নে ৩৩১ জনের মধ্যে ৩০ জন, জকিগঞ্জ সদর ইউনিয়নে ৩১ জনের মধ্যে ৪ জন, সুলতানপুর ইউনিয়নে ৯০ জনের মধ্যে ১০ জন, বারঠাকুরী ইউনিয়নে ৬০ জনের মধ্যে ৮ জন, কসকনকপুর ইউনিয়নে ২০ জনের মধ্যে ৭ জন, মানিকপুর ইউনিয়নে ২৩২ জনের মধ্যে ৩৮ জন এবং জকিগঞ্জ পৌরসভার ৫৮ জন আবেদনকারীর মধ্য থেকে ১২ জনকে নির্বাচন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম আউলিয়া, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুমন কান্তি শর্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাফিস আহমদ ও জয়নুল হক, উপজেলা খেলাফত মজলিস নেতা জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, এনসিপি নেতা শিব্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।