৬:২৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সোমবার (১৫ জুন) উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে সকাল ১১টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। বিদেশি এনজিও সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার নৌকা দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ফুড়ারপাড়া গ্রামের দল প্রথম স্থান অর্জন করে এবং বর্ণি গ্রামের দল দ্বিতীয় স্থান লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র কর্মকার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, আব্দুল হক সরকার, ইউপি সদস্য ইমাম উদ্দিন এবং কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ শ্রমিক দলের সভাপতি আবুল বাসার বাদশা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন, ছাত্রনেতা শাহজাহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী এ নৌকা বাইচ উপভোগ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।