৫:৫৬ অপরাহ্ণ
সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচিতে কৃষি ব্যাংক কৃষকদের পাশে আছে: সিলেটে কৃষি ব্যাংকের এমডি
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) সঞ্চিয়া বিনতে আলী বলেছেন, সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কৃষি ব্যাংক সবসময় গ্রামীণ জনগোষ্ঠী এবং কৃষকদের পাশে আছে।
একটি দেশের মূল ভিত্তি হচ্ছে খাদ্য, খাদ্য কৃষি থেকেই আসে। আর এই কৃষিতে সরাসরিভাবে আমাদের অংশগ্রহণের সুযোগ হচ্ছে। দেশের জন্য কন্ট্রিবিউট করার সুযোগ আমরা যারা কৃষি ব্যাংকে কাজ করি তাদেরই বেশি। আমরা সরাসরি কৃষকদের পাশে থাকার সুযোগ পাচ্ছি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, কৃষিখাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে বাংলাদেশ কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জণ করেছে।
তিনি চলতি অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে গতিশীলতা আনয়ন ও ব্যাংকটিকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণের জন্য সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের ব্যবস্থাপক (দায়িত্বে) মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহা-ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। এ সময় সিলেট বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)