৯:২০ অপরাহ্ণ
'শহীদি মার্চ' করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি ও সিলেট
ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের একমাস পূর্তিতে আন্দোলনে নিহতদের স্মরণে "শহীদি মার্চ" পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি ও সিলেট।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শহীদি মার্চের যাত্রা শুরু করেন ছাত্র-জনতা।
এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন৷
এসময় ছাত্র-জনতা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে মার্চটি শেষ করেন।
তখন ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’ "লাল সবুজের পতাকায়, সাঈদ তোমায় দেখা যায়" স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত ছাত্র-জনতাদের।
"শহীদি মার্চে" অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, "বাংলাদেশের মানুষ প্রতিবাদী, তারা প্রতিবাদ করতে জানে।
আজ থেকে ঠিক এক মাস আগে দেশ থেকে ‘স্বৈরাচার’ শেখ হাসিনা পালিয়েছিলো এবং তার সরকারের পতনের মাধ্যমে স্বাধীনতা পেয়েছিলাম আমরা।
এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল।
হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন,অনেকে পঙ্গুত্ব বরণ করেন, এখনো অনেকে হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য। এই দেশে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"