১২:২৭ পূর্বাহ্ণ
তরুণ প্রজন্মই উম্মাহর ভবিষ্যত -মুহাম্মদ পিয়ার হাসান
তালামীযে ইসলামিয়া সিলেট ২৬ নং ওয়ার্ড শাখার অভিষেক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ছাত্রনেতা পিয়ার হাসান বলেছেন, আজ মুসলিম সমাজে পবিত্র ও নির্মল জীবনের, সদাচার ও সচ্চরিত্রের, উদারতা ও মহানুভবতার উন্নত চিন্তা ও ভারসাম্যপূর্ণ কর্মের যে অভাব পরিলক্ষিত হয় তার এক বড় কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে দূরে সরে যাওয়া।
আল্লাহ মাফ করুন, আজ মুসলিম সমাজেরই এক বিরাট অংশের, বিশেষত তরুণ ও নতুন প্রজন্মের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তাদের আদর্শ এমন সব নর-নারী, যাদের কাছে না ছিল ঈমানের সম্পদ, না সদাচার-সচ্চরিত্রের সৌরভ। সেইসব বিচ্যুত বিপথগামী এবং অতি ক্ষুদ্র ও খ-িত ইহজাগতিক চিন্তা-চেতনার অধিকারী নারী-পুরুষকে জীবন ও কর্মের আইডল হিসেবে গ্রহণ করে মুসলিম তরুণ-প্রজন্ম বিচ্যুতি ও বিপথগামিতার গভীর গহ্বরের দিকেই ধাবমান। আমাদের ভুলে গেলে চলবে না যে, তরুণ প্রজন্মই উম্মাহর ভবিষ্যত।
উম্মাহর এই শ্রেণিটিকে যদি অবক্ষয়-অধঃপতন থেকে রক্ষা করতে হয়, যথার্থ ও মহৎ জীবনাদর্শের সন্ধান দিয়ে জীবন ও জগৎ সম্পর্কে উন্নত চেতনার তৃষ্ণা তাদের মন-মননে জাগ্রত করতে হয় তাহলে তাদেরকে পবিত্র সীরাতের সাথেই পরিচিত করতে হবে। মহান আল্লাহ তাআলা সীরাতকে নিখুঁতভাবে সংরক্ষণই করেছেন কিয়ামত পর্যন্ত সকল শ্রেণির মানুষের সৌভাগ্যের সূতিকাগার হিসেবে। তিনি ১৩ আগস্ট, শুক্রবার, বাদ আছর কদমতলীস্থ দরিয়া শাহ মসজিদ প্রাঙ্গণে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৬ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মিনহাজুল ইসলাম নিয়াজ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম সিদ্দিকী ও সদস্য আবুল বাশার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহফি হাসান মাহদিন, সহ-প্রচার সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক মাসউদ হাসান মায়েল, অফিস সম্পাদক নাসিম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য শিপার আহমদ, নুরুল ইসলাম মাহিদ, সাকিব আহমদ, রাহিম আহমদ, রাশেদ আহমদ প্রমুখ।