৯:১৪ অপরাহ্ণ
ফুলতলী এতিমখানায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
যেখানে যে অবস্থায় থাকুন, আকিদার প্রশ্নে কোনো আপোস নয়”: ফারহান আহমদ চৌধুরী
সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লতিফিয়া এতিমখানা ফুলতলীতে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) রাতে লতিফিয়া এতিমখানা ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী বলেন, জীবনের যে অবস্থানেই থাকি না কেন, ইমান-আকিদার প্রশ্নে কোনো আপোস করা যাবে না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অতীতের মতো ভবিষ্যত জীবনেও যেকোন প্রয়োজনে প্রতিষ্ঠান তাদের পাশে থাকবে। পরীক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহেদী হাসান মুন্না। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “পিতা হারানোর পর যখন জীবন অন্ধকার মনে হয়েছিল, তখন ফুলতলী এতিমখানা আমাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।
এখানে এসে আমরা পিতার অভাব অনুভব করিনি। বড় ছাহেব আমাদের পিতার মতোই স্নেহ ও ছায়া দিয়ে আগলে রেখেছেন।” তিনি প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফিয়া এতিমখানার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা আহমদ হাসান রানা। এতে বক্তব্য রাখেন মাওলানা ফয়ছল আহমদ চৌধুরী, হাফিজ লিয়াকত হোসাইন, আব্দুল মুকিত, জাবির হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, চলতি বছর লতিফিয়া এতিমখানা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।