বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
৭ অক্টোবর ২০ ২৬
১১:২৮ অপরাহ্ণ

মামুনুল হকের আগমন ঘিরে জকিগঞ্জে উৎসাহ-উদ্দীপনা,
সাংবাদিকদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হকের জকিগঞ্জে আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

তাঁর আগমন উপলক্ষে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশ সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদী।

সভায় নেতৃবৃন্দ জানান, আগামী রোববার সকাল ১১টায় জকিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির আল্লামা মামুনুল হক।

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীরা সমাবেশ সফল করতে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আয়োজকরা। মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদসহ বিভিন্ন দাবি নিয়ে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেন তারা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিনুল হাসান, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের এমপি মুফতি আবুল হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ মোস্তফা আহমদ। মতবিনিময় সভায় খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ